সর্বশেষ
বিরোধী দল দমনে দুদক ব্যবহারের অভিযোগ আসিফ মাহমুদের মীর কাসেমের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে: ডা. শফিক দুই দশক পর সংসদে ফিরে আবেগাপ্লুত মির্জা আব্বাস জামায়াত আমিরের কাছে ব্যবসায়ীদের নানা সমস্যা সাড়ে ৫ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস রামেকের অনিয়ম ও অ্যাম্বুলেন্স সিন্ডিকেট বন্ধের দাবি তানজিদ শুধু বগুড়ার নয়, বাংলাদেশের ছেলে: প্রধানমন্ত্রী অনুকূল পরিবেশ ছাড়া ভারত সফর নয়: পররাষ্ট্র মন্ত্রণালয় ৭০ অনুচ্ছেদ সংশোধন না হওয়া পর্যন্ত তফসিল স্থগিতের রিট, যা বললেন ইসি সচিব সাইবার সুরক্ষা ও আইসিটি খাতে একসাথে কাজ করবে বাংলাদেশ-লিথুয়ানিয়া কিশোরগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান গুলশানে ডেঙ্গু প্রতিরোধে মাসব্যাপী সচেতনতামূলক কর্মসূচির উদ্বোধন
logo

স্পেনে বন্যায় নিহত ২ নারী, আহত ২ শিশু


Publisher and Editor   published:  ১৬ আগস্ট, ২০২৬, ০১:২০ পিএম

স্পেনে বন্যায় নিহত ২ নারী, আহত ২ শিশু

প্রবল বৃষ্টিতে সৃষ্ট বন্যা ও ভূমিধসে শনিবার উত্তর-পশ্চিম স্পেনের গ্রামীণ এলাকায় দুই বয়স্ক নারী প্রাণ হারিয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে দুই শিশু। স্থানীয় কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।


কাস্তিল ও লেওন অঞ্চলের জরুরি সেবা বিভাগ জানায়, দুর্ঘটনাস্থল ছোট্ট গ্রাম মানজানেদো দে ভালদুয়েজা। সেখানে ‘প্রায় ৬০ ও ৮০ বছর বয়সী দুই নারীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে।’


মাদ্রিদ থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।


তারা জানায়, দুই শিশুকে শরীরে আঘাতের চিকিৎসা দেওয়া হয়েছে। এছাড়া ৮০-এর কোঠায় বয়সী এক ব্যক্তি নিখোঁজ ছিলেন। পরে তাকে অক্ষত অবস্থায় পাওয়া গেছে।


ঘটনাস্থলে দমকলকর্মী, পুলিশ, অ্যাম্বুলেন্স ও সিভিল গার্ডের সদস্যদের পাঠানো হয়। উদ্ধারকারী একটি হেলিকপ্টার থেকে ধারণ করা ভিডিওতে দেখা যায়, চারপাশে পাহাড় ও বনভূমি ঘেরা এলাকায় ঘটনাস্থলটি অবস্থিত।


স্থানীয় সংবাদমাধ্যম প্রকাশিত ছবিতে দেখা যায়, পাথর ও কাদার ধূসর স্রোত গ্রামের ভেতর দিয়ে বয়ে গেছে। এতে একটি গাড়ি পুরোপুরি চাপা পড়ে যায়।


কাছের শহর পনফেরাদার মেয়র মার্কো মোরালা সাংবাদিকদের বলেন, ‘পাহাড়ে তীব্র ঝড়ের কারণে পাথর, কাদা ও পলির বড় স্রোত নেমে আসে।’ এতে দুই নারীর মৃত্যু হয়।


মোরালা আরও বলেন, পাশের বুজাস গ্রামেও এই দুর্যোগে সম্পদের ক্ষতি হয়েছে।


সরকারি ছুটির দিনে বন্যাটি আঘাত হানে। স্পেন গত কয়েক সপ্তাহ ধরে এর বিপরীত ধরণের চরম আবহাওয়ার সঙ্গে লড়াই করছে। দেশটির বিভিন্ন এলাকায় তাপপ্রবাহ ও দাবানল দেখা দিয়েছে।


মানজানেদো দে ভালদুয়েজা যে লেওন প্রদেশে অবস্থিত, ২০২৫ সালে সেখানে স্পেনের ভয়াবহতম দাবানলগুলোর কয়েকটি সংগঠিত হয়েছিল। ইউরোপীয় ফরেস্ট ফায়ার ইনফরমেশন সিস্টেমের তথ্য অনুযায়ী, ওই বছর দেশটিতে রেকর্ড পরিমাণ বনভূমি পুড়ে যায়।