দেশের চলমান পরিস্থিতিতে আইনশৃংখলা নিয়ন্ত্রণে রাখার লক্ষ্যে দেশব্যাপী পেশাদারিত্বের সাথে কাজ করে চলেছে বাংলাদেশ সেনাবাহিনী। এরই ধারাবাহিকতায়, গত ১৪ আগস্ট ২০২৫ থেকে ২১ আগষ্ট ২০২৫ তারিখ পর্যন্ত বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন পদাতিক ডিভিশন ও স্বতন্ত্র ব্রিগেডের অধীনস্থ ইউনিটসমূহ কর্তৃক অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয়ে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় বেশকিছু যৌথ অভিযান পরিচালনা করা হয়। এ সকল যৌথ অভিযানে সন্ত্রাসী, অবৈধ অস্ত্রধারী, ডাকাত, কিশোর গ্যাং সদস্য, চাঁদাবাজ, ছিনতাইকারী, দুষ্কৃতিকারী, জুয়াড়ি, মাদক ব্যবসায়ী এবং মাদকাসক্তসহ মোট ৫৬ জন অপরাধীকে হাতেনাতে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত অপরাধীদের নিকট হতে ১৬টি অবৈধ আগ্নেয়াস্ত্র, ৬টি হ্যান্ড গ্রেনেড, ১০৩ রাউন্ড বিভিন্ন ধরনের গোলাবারুদ, ২ রাউন্ড খালি কার্তূজ, সন্ত্রাসী কাজে ব্যবহৃত বিভিন্ন প্রকার দেশীয় অস্ত্র, মাদকদ্রব্য, সিলেটের সাদা পাথরসহ অন্যান্য চোরাই মালামাল, মোবাইল ফোন, মোটরসাইকেল ও নগদ অর্থ উদ্ধার করা হয়। আটককৃতদের প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ এবং আইনি কার্যক্রম সম্পন্নের জন্য সংশ্লিষ্ট এলাকার থানায় হস্তান্তর করা হয়েছে।