বাংলাদেশ, বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬

কুমিল্লায় বিপুল পরিমাণ বিদেশি মদ ও বিয়ারসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

Publisher and Editor

রবিউল আলম

published: 08 April, 2026, 04:06 PM

কুমিল্লায় বিপুল পরিমাণ বিদেশি মদ ও বিয়ারসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

কুমিল্লা আদর্শ সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিদেশি মদ ও বিয়ারসহ গাজী মোঃ সালাহ উদ্দিন (৩২) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে কোতয়ালী মডেল থানা পুলিশ।


পুলিশ সূত্রে জানা যায়, গত ৭ এপ্রিল (মঙ্গলবার) রাতে কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জের (ওসি) নেতৃত্বে পুলিশের একটি বিশেষ টিম গোপন সংবাদের ভিত্তিতে ৬নং জগন্নাথপুর ইউনিয়নের অরণ্যপুর এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানকালে অরণ্যপুর পূর্ব পাড়া এলাকা থেকে সালাহ উদ্দিনকে আটক করা হয়। গ্রেপ্তারকৃত সালাহ উদ্দিন ওই এলাকার গাজী ওবায়দুল হকের ছেলে।


আটক করার পর সালাহ উদ্দিনের দেওয়া তথ্য অনুযায়ী তার বসতঘরে তল্লাশি চালায় পুলিশ। এসময় ঘরের খাটের নিচ থেকে লুকানো অবস্থায় পৃথক পাঁচটি ব্যাগে রক্ষিত মোট ২০ বোতল ব্লেন্ডার্স প্রাইড (Blenders Pride) হুইস্কি, ২০ বোতল রয়্যাল স্ট্যাগ (Royal Stag) হুইস্কি এবং ১৪ বোতল কিংফিশার ও ব্রোকোড ব্র্যান্ডের বিয়ার উদ্ধার করা হয়।


প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আসামী জানায়, সে ভারতীয় সীমান্ত এলাকা থেকে কম দামে এসব মাদক সংগ্রহ করে কুমিল্লা শহরসহ দেশের বিভিন্ন প্রান্তে চড়া দামে বিক্রি করে আসছিল।


​কোতয়ালী মডেল থানা পুলিশ জানায়, উপস্থিত সাক্ষীদের সামনে বিধি মোতাবেক মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। আসামীর বিরুদ্ধে সংশ্লিষ্ট মাদক আইনে মামলা দায়েরের পর আজ তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে এই অভিযান অব্যাহত থাকবে বলেও পুলিশের পক্ষ থেকে জানানো হয়।

National