বাংলাদেশ, শুক্রবার, এপ্রিল ১৭, ২০২৬

রাজশাহীতে সাইবার হ্যাকার পরিচয়ে প্রতারণা, গ্রেপ্তার ১

স্বপ্নের বাংলাদেশ বার্তাকক্ষ

স্টাফ রির্পোটার

published: 18 March, 2025, 06:44 AM

রাজশাহীতে সাইবার হ্যাকার পরিচয়ে প্রতারণা, গ্রেপ্তার ১
রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার উপশহর এলাকায় প্রতারণা, চুরি ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তির নাম আরভী ইসলাম (২৮)। রাজশাহী মহানগরীর উপশহরের শফিকুল ইসলামের ছেলে আরভী।


পুলিশ জানায়, গত ২৭ ফেব্রুয়ারি আসামি আরভী ইসলাম উপশহরের গোধুলী টাওয়ারের সিকিউরিটি গার্ডের কাছ থেকে ভুক্তভোগী এক নারীর মোবাইল নম্বর সংগ্রহ করে। এরপর তিনি ফোন করে ওই নারীর ব্যক্তিগত বিভিন্ন তথ্য জানার চেষ্টা করেন।

পরবর্তী সময়ে আরভী নিজেকে আন্তর্জাতিক সাইবার সিকিউরিটি হ্যাকার পরিচয় দিয়ে ওই নারীর সঙ্গে প্রতারণা শুরু করেন। ব্যবসার জন্য টাকা ধার চাওয়ার পাশাপাশি মানসিকভাবে বিপর্যস্ত করতে নানা কৌশল অবলম্বন করেন। একপর্যায়ে, ভুক্তভোগীর ছেলেকে পড়ানোর কথা বলে তার বাসায় প্রবেশ করেন এবং ব্যাংক সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য জানতে চান।

এ সুযোগে তিনি কৌশলে বাসার ডুপ্লিকেট চাবি সংগ্রহ করেন এবং পরে অনলাইনের মাধ্যমে ব্যাংক থেকে অর্থ উত্তোলন করেন।

গত ৮ মার্চ দুপুরে ভুক্তভোগী বাইরে থেকে বাসায় ফিরে দেখতে পান তার ওয়ারড্রোবের তালা ভাঙা। অনুসন্ধানে জানা যায়, ড্রয়ার থেকে নগদ ২ লাখ টাকা ও ৬৫ ভরি স্বর্ণালংকার চুরি হয়েছে। এ ঘটনায় তিনি বোয়ালিয়া থানায় অভিযোগ দায়ের করলে একটি মামলা করা হয়।

পরে বোয়ালিয়া থানা পুলিশ রোববার বিকেল ৫টায় অভিযান চালিয়ে উপশহর এলাকা থেকে আরভী ইসলামকে গ্রেপ্তার করে। এ সময় তার কাছ থেকে চারটি স্বর্ণের চুড়ি, একটি ব্রেসলেট ও একটি স্বর্ণের আংটি উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ৯ লাখ ৬ হাজার টাকা।পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত আসামিকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। অন্যান্য চুরি হওয়া মালামাল উদ্ধারে তাকে রিমান্ডে নেওয়ার আবেদন করা হবে।

National