বাংলাদেশ, বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬

পুরুষের কান্না : এক নীরব আত্মত্যাগের ইতিহাস

স্বপ্নের বাংলাদেশ বার্তাকক্ষ

স্বপ্নের বাংলাদেশ বার্তাকক্ষ

published: 20 June, 2025, 01:05 AM

পুরুষের কান্না : এক নীরব আত্মত্যাগের ইতিহাস

সমাজের প্রচলিত ধারণা অনুযায়ী, পুরুষ মানুষ কাঁদে না। ছেলেবেলা থেকেই তাকে শেখানো হয়—আবেগ দেখানো দুর্বলতা, চোখের জল পুরুষের মানায় না। এ এক নির্মম সংস্কার, যা তাকে রক্ত-মাংসের মানুষ থেকে এক যান্ত্রিক দায়িত্ববাহী রোবটে রূপান্তর করে।

একজন পুরুষ যখন সংসারের চাকা ঘোরাতে মাঠে নামে, তখন সে নিজের স্বপ্ন, শখ ও ইচ্ছেগুলোকে নিঃসংকোচে বিসর্জন দেয়।

তার দিন চলে রুটির পেছনে ছুটে, রাত কাটে চিন্তায় ভারাক্রান্ত হয়ে।

কখনো বাবা-মায়ের ওষুধের টাকার চিন্তা, কখনো সন্তানের পড়ালেখা, কখনো স্ত্রীর চাহিদা, কখনো সমাজের চাপ—সবকিছু একাই বইতে হয় তাকে।

তবু ক্লান্ত-ভেঙে পড়া শরীর আর ক্লান্ত হৃদয় নিয়ে ঘরে ফিরে এসে কোনো দিন শোনে না—“তুমি কেমন আছো?”


পুরুষের কান্না নেই, কারণ তার চোখের জল সমাজ দেখে না।

তার কষ্ট বোঝে না কেউ, কারণ সে প্রকাশ করে না—তাকে শেখানো হয়েছে শক্ত থাকো, নীরব থাকো, লড়াই চালিয়ে যাও।

এই নীরবতার আড়ালে জমে ওঠে পাহাড়সম অভিমান, অগণিত অপূর্ণতা ও চাপা কষ্ট।

সবচেয়ে বেদনাদায়ক বিষয়টি হলো—পুরুষ মানুষ সবচেয়ে বেশি আহত হয় তার সবচেয়ে কাছের মানুষদের আচরণে।

স্ত্রীর অবহেলা, সন্তানের অবজ্ঞা, পরিবারের কটু কথা তার আত্মত্যাগকে মুহূর্তেই অর্থহীন করে তোলে।

যার জন্য সে নিজের সব বিসর্জন দেয়, জীবনের প্রতিটি স্বপ্ন ত্যাগ করে—

সেই প্রিয় মুখ থেকেই যখন আসে অশ্রদ্ধা, তখন পুরুষটা ভেতর থেকে চুরমার হয়ে যায়।


তবুও সে বলে না কিছু। মুখে হাসি ধরে রাখে, দায়িত্ব পালন করে যায়,

কারণ সে জানে—সমাজ তাকে কান্নার অধিকার দেয়নি।

এই অবিচার, এই চেপে রাখা আবেগই এক সময় তার নিঃস্বতা ডেকে আনে—শারীরিক ক্লান্তি নয়, মানসিক একাকীত্বই হয়ে ওঠে তার সবচেয়ে বড় শত্রু।


এই অবস্থার পরিবর্তন প্রয়োজন।

পুরুষ মানুষও মানুষ—তারও আবেগ আছে, কষ্ট আছে, ভেঙে পড়ার দিন আছে।

তার আত্মত্যাগকে স্বীকৃতি দিতে হবে, তার কান্নাকে সম্মান জানাতে হবে।

সমতা শুধু নারীর অধিকার দিয়ে নয়—পুরুষের অনুভবকে মূল্য দিয়ে গড়ে তুলতে হবে একটি ভারসাম্যপূর্ণ সমাজ।

আজ সময় এসেছে পুরুষের কণ্ঠকে শোনার, তার নীরব যন্ত্রণা বুঝে পাশে দাঁড়ানোর।

কারণ একজন পুরুষ ভেঙে পড়লে, ভেঙে পড়ে একটি পরিবার-আর একটি পরিবারের ভাঙন মানে সমাজের ভাঙন।

এই লেখাটি যারা পড়ছেন, তাদের কাছে বিনীত অনুরোধ—কোনো পুরুষের নীরব মুখের পেছনের কষ্ট বুঝতে চেষ্টা করুন। হয়তো আপনার একটি মমতামাখা প্রশ্ন, “তুমি কেমন আছো?”—তার সব কষ্টকে হালকা করে দিতে পারে।


আবুল হাসনাত অমি 

সম্পাদক 

দৈনিক স্বপ্নের বাংলাদেশ।

National