বাংলাদেশ, শনিবার, জুন ৬, ২০২৬

রাজশাহীর আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ পয়েন্টে চেকপোস্ট

স্বপ্নের বাংলাদেশ বার্তাকক্ষ

নিজস্ব প্রতিনিধি

published: 03 August, 2025, 04:55 AM

রাজশাহীর আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ পয়েন্টে চেকপোস্ট

রাজশাহী মহানগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে মহানগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে চেকপোস্ট পরিচালনা করছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)। পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান-এর নির্দেশে এ কার্যক্রম চলমান রয়েছে।


নগরীর প্রবেশদ্বার, জনবহুল এলাকা ও গুরুত্বপূর্ণ মোড়ে বসানো চেকপোস্টে নিয়মিত যানবাহন ও চলাচলকারী সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি করছে আরএমপির সদস্যরা। এ কার্যক্রমের মাধ্যমে অপরাধীদের গতিবিধি নিয়ন্ত্রণ, মাদক ও অবৈধ দ্রব্য বহন প্রতিরোধ এবং সার্বিক নিরাপত্তা পরিস্থিতি উন্নত করার লক্ষ্যে কাজ করছে পুলিশ।


এ বিষয়ে আরএমপির মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার জনাব গাজিউর রহমান বলেন, “নগরবাসীর নিরাপত্তা আমাদের অগ্রাধিকার। পুলিশ কমিশনার মহোদয়ের নির্দেশনায় নগরীর বিভিন্ন চেকপোস্টে তল্লাশি জোরদার করা হয়েছে। আজ শনিবার বেলপুকুর, কাশিয়াডাঙ্গা ও পবা মিলিয়ে তিনটি প্রবেশপথে বিশেষ চেকপোস্ট পরিচালনা করা হচ্ছে, যাতে কোনো অপরাধী বা অবৈধ কিছু বহনকারী ব্যক্তি নগরীতে প্রবেশ করতে না পারে।


তিনি আরও জানান, চেকপোস্টে তল্লাশি চলাকালে পুলিশের আচরণ মানবিক রাখার নির্দেশনা দেওয়া হয়েছে, যেন সাধারণ মানুষের ভোগান্তি না হয়। পাশাপাশি নাগরিকদেরও সহযোগিতামূলক আচরণ কামনা করেন তিনি।


নিরাপত্তা-সংক্রান্ত যেকোনো তথ্য, অভিযোগ বা আইনগত সহায়তার জন্য নগরবাসীকে আরএমপির তথ্য ও সেবা কেন্দ্রের হটলাইনে যোগাযোগ করতে অনুরোধ জানানো হয়েছে।


হটলাইন টেলিফোন :  +৮৮০২৫৮৮৮০১৩৫১, মোবাইল : ০১৩২০০৬৩৯৯৯ সাইবার হটলাইন : +৮৮০১৩২০-০৬১৯৯৯



নগরবাসী পুলিশের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, “শহরে চেকপোস্ট পরিচালনার ফলে আমাদের মধ্যে নিরাপত্তাবোধ বেড়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের এমন উদ্যোগ অবশ্যই প্রশংসনীয়।”


আরএমপির এই উদ্যোগে রাজশাহীতে একটি নিরাপদ ও সুশৃঙ্খল পরিবেশ নিশ্চিত করার প্রত্যাশা দিন দিন দৃঢ় হচ্ছে।

National