বাংলাদেশ, বৃহস্পতিবার, এপ্রিল ২৩, ২০২৬

বাউফলে আধুনিক, উন্নত এবং বৈষম্যহীন মডেল উপজেলা হিসেবে গড়ে তোলার ইশতেহার ঘোষণা

স্বপ্নের বাংলাদেশ বার্তাকক্ষ

সাইফুল ইসলাম বাউফল প্রতিনিধি

published: 10 February, 2026, 11:21 PM

বাউফলে আধুনিক, উন্নত এবং বৈষম্যহীন মডেল উপজেলা হিসেবে গড়ে তোলার ইশতেহার ঘোষণা

পটুয়াখালীর বাউফল উপজেলাকে একটি আধুনিক, উন্নত এবং বৈষম্যহীন মডেল উপজেলা হিসেবে গড়ে তোলার অঙ্গীকার নিয়ে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী শহিদুল আলম তালুকদার । ২৩ দফার এই ইশতেহারে বগা সেতু বাস্তবায়ন, নদী ভাঙন রোধ এবং কর্মসংস্থান সৃষ্টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে।

ইশতেহারের প্রধান আকর্ষণ হিসেবে বগা সেতু দ্রুত বাস্তবায়নের মাধ্যমে দক্ষিণাঞ্চলের যোগাযোগ ও অর্থনৈতিক উন্নয়নের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। এছাড়া বাউফল পৌর এলাকার যানজট নিরসনে বিলবিলাস থেকে কালাইয়া পর্যন্ত বাইপাস সড়ক নির্মাণ এবং কালাইয়া-ভোলা রুটে নিয়মিত ফেরি চলাচলের ব্যবস্থা করার কথা বলা হয়েছে।

উপজেলা হাসপাতালের আধুনিকায়ন, শয্যা সংখ্যা বৃদ্ধি এবং বিশেষজ্ঞ ডাক্তার নিশ্চিত করার অঙ্গীকার করেছেন এই প্রার্থী। নারীদের উচ্চশিক্ষা প্রসারে মহিলা কলেজ ও বালিকা মাধ্যমিক বিদ্যালয়কে জাতীয়করণ এবং ইউনিয়ন পর্যায়ে মানসম্মত মাতৃত্বকালীন সেবার প্রসারে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

বেকার যুবকদের জন্য আইসিটি ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন এবং স্বল্প সুদে ঋণের মাধ্যমে আত্মকর্মসংস্থান সৃষ্টির পরিকল্পনা নেওয়া হয়েছে। চরাঞ্চলের কৃষকদের জীবনমান উন্নয়নে আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং জেলে ও মৎস্যজীবীদের জন্য নিরাপদ ঘাট ও ন্যায্যমূল্য নিশ্চিত করার কথা ইশতেহারে উল্লেখ আছে।

সামাজিক সুরক্ষা ও সুশাসন

শহিদুল আলম তালুকদার তাঁর ইশতেহারে মাদক ও চাঁদাবাজমুক্ত বাউফল গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন।

এছাড়া: চন্দ্রদ্বীপ ইউনিয়নে পুলিশ ক্যাম্প স্থাপন ও পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা।

অসহায় ও দুস্থ মানুষের জন্য আইনি সহায়তা সেল গঠন।

স্বচ্ছতা, জবাবদিহিতা ও দুর্নীতিমুক্ত স্থানীয় সরকার ব্যবস্থা নিশ্চিত করা।

উপকূলীয় এই অঞ্চলের প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় টেকসই বেড়িবাঁধ নির্মাণ, আশ্রয়কেন্দ্র বৃদ্ধি এবং বিশুদ্ধ পানি ও স্যানিটেশন ব্যবস্থার উন্নয়নের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।

নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন শহিদুল আলম তালুকদার পক্ষে উপজেলা বিএনপি ভারপ্রাপ্ত আহবায়ক তসলিম তালুকদার বলেন, শহিদুল আলম বাউফলের সন্তান। এই মাটির মানুষের দুঃখ-দুর্দশা আমি জানি। এই ২৩ দফা কেবল নির্বাচনী প্রতিশ্রুতি নয়, বরং বাউফলবাসীর ভাগ্য পরিবর্তনের অঙ্গীকার।

National