বাংলাদেশ, শুক্রবার, এপ্রিল ১৭, ২০২৬

প্রতিমন্ত্রী অমিতের স্পষ্ট বার্তায় যশোরে , কী বললেন তিনি

স্বপ্নের বাংলাদেশ বার্তাকক্ষ

মো.মনির হোসেন হোসেন বেনাপোল প্রতিনি

published: 03 March, 2026, 02:36 AM

প্রতিমন্ত্রী অমিতের স্পষ্ট বার্তায় যশোরে , কী বললেন তিনি

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সরকারি উন্নয়ন কর্মকাণ্ডের সুফল সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে প্রশাসন ও পুলিশ বিভাগের সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে তিনি মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার কথা পুনর্ব্যক্ত করেন।


আজ শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে যশোর জেলা প্রশাসন আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, চলমান উন্নয়ন প্রকল্পের অগ্রগতি এবং জনসেবার মানোন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়।


মোহাম্মদ আশেক হাসান-এর সভাপতিত্বে সভায় প্রতিমন্ত্রী বলেন, সরকারের উন্নয়ন কার্যক্রমের প্রকৃত সুফল জনগণের কাছে পৌঁছাতে হলে সংশ্লিষ্ট কর্মকর্তাদের আরও আন্তরিকতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। একটি সমৃদ্ধ যশোর গড়ে তুলতে প্রশাসন ও পুলিশ বিভাগের মধ্যে সমন্বয় জোরদার করা অপরিহার্য।


তিনি আরও বলেন, মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে রাজনৈতিক পৃষ্ঠপোষকতা বন্ধে কঠোর অবস্থান নেওয়া হয়েছে। বিশেষ করে সীমান্তবর্তী জেলা হওয়ায় যশোরে মাদকের বিস্তার রোধে নির্দিষ্ট রুট চিহ্নিত করে নজরদারি বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তিনি। মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসীরা যাতে কোনো রাজনৈতিক, সামাজিক বা প্রশাসনিক পৃষ্ঠপোষকতা না পায়, সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান প্রতিমন্ত্রী। নীতির কথা বলে আড়ালে অনৈতিক কর্মকাণ্ডে জড়িতদের চিহ্নিত করে তালিকা প্রণয়ন এবং তাদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের কথাও তিনি উল্লেখ করেন।


সভায় সৈয়দ রফিকুল ইসলাম জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি তুলে ধরে পুলিশের গৃহীত বিভিন্ন পদক্ষেপের কথা জানান।


অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইরুফা সুলতানা, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কমলেশ মজুমদার, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) আবুল বাশার, স্থানীয় সরকারের উপপরিচালক মোঃ রফিকুল হাসানসহ জেলা প্রশাসন ও পুলিশ বিভাগের বিভিন্ন স্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।


সভায় যশোরের চলমান উন্নয়ন প্রকল্পগুলো নির্ধারিত সময়ের মধ্যে মানসম্মতভাবে সম্পন্ন করার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি জনসাধারণের জন্য স্বস্তিদায়ক ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

National