বাংলাদেশ, রবিবার, এপ্রিল ১৯, ২০২৬

রাজশাহীতে তেলের তীব্র সংকট: পাম্পে হাহাকার, খোলা বাজারে চড়া দামে বিক্রি

স্বপ্নের বাংলাদেশ বার্তাকক্ষ

নিজস্ব প্রতিবেদক

published: 15 March, 2026, 07:32 PM

রাজশাহীতে তেলের তীব্র সংকট: পাম্পে হাহাকার, খোলা বাজারে চড়া দামে বিক্রি

রাজশাহী মহানগরীতে জ্বালানি তেলের তীব্র সংকট দেখা দিয়েছে। আজ রবিবার বিকেলে নগরীর বিভিন্ন পাম্প ঘুরে দেখা গেছে তেলের জন্য যানবাহনের দীর্ঘ সারি এবং সাধারণ মানুষের চরম ভোগান্তি। সরকারিভাবে তেলের পর্যাপ্ত মজুত থাকার ঘোষণা দেওয়া হলেও বাস্তব চিত্র ভিন্ন।



আজ বিকেল ৪টার দিকে নগরীর রুয়েট সংলগ্ন নয়ান পেট্রোলিয়াম এজেন্সি এবং কুমারপাড়া এলাকার গুল গফুর পেট্রোলিয়াম পাম্পে গিয়ে দেখা যায়, দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকার পর একেকটি মোটরসাইকেলে মাত্র ২০০ টাকার তেল দেওয়া হচ্ছে। অধিকাংশ পাম্পে তেল সরবরাহ পুরোপুরি বন্ধ রেখে প্রবেশপথে দড়ি টানিয়ে দেওয়া হয়েছে। ফলে জরুরি প্রয়োজনে বের হওয়া যানবাহনগুলো এক পাম্প থেকে অন্য পাম্পে ঘুরেও তেল পাচ্ছে না।



পাম্পে তেল না পাওয়া গেলেও নগরীর বিভিন্ন স্থানে অসাধু চক্র কৃত্রিম সংকট তৈরি করে খোলা বোতলে চড়া দামে তেল বিক্রি করছে। খোলা বাজারে প্রতি লিটার তেল ২০০ টাকা পর্যন্ত দরে বিক্রি হতে দেখা গেছে। নিরুপায় হয়ে সাধারণ মানুষ চড়া দামেই তেল কিনতে বাধ্য হচ্ছেন, যা জনমনে তীব্র ক্ষোভের সৃষ্টি করেছে।



তেলের এই সংকটের কারণে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন কৃষকরা। সেচ কাজ ব্যাহত হওয়ায় কৃষি ব্যবস্থা হুমকির মুখে পড়েছে। এছাড়া অ্যাম্বুলেন্সসহ অন্যান্য জরুরি সেবা প্রদানকারী যানবাহনগুলো সময়মতো তেল না পাওয়ায় সেবা দিতে হিমশিম খাচ্ছে।



সাধারণ মানুষের অভিযোগ, কৃত্রিমভাবে এই সংকট তৈরি করে সাধারণ মানুষকে জিম্মি করা হচ্ছে। এই অসাধু চক্র এবং সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের প্রতি জোরালো দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। অবিলম্বে বাজার তদারকি জোরদার করে এই পরিস্থিতি নিয়ন্ত্রণের আহ্বান জানানো হয়েছে।

National