বাংলাদেশ, শনিবার, এপ্রিল ১৮, ২০২৬

ঈদুল ফিতর উপলক্ষ্যে নিউমার্কেটে ‘সাশ্রয়ী বাজার’: স্বস্তিতে সাধারণ ক্রেতারা

স্বপ্নের বাংলাদেশ বার্তাকক্ষ

তোফাইরুল ইসলাম রাহাত || রাজশাহী

published: 19 March, 2026, 05:22 PM

ঈদুল ফিতর উপলক্ষ্যে নিউমার্কেটে ‘সাশ্রয়ী বাজার’: স্বস্তিতে সাধারণ ক্রেতারা

পবিত্র ঈদুল ফিতরের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে এবং নিত্যপণ্যের দাম সাধারণ মানুষের নাগালের মধ্যে রাখতে রাজশাহীতে এক বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১৯ মার্চ) নগরীর নিউমার্কেট এলাকায় এই ‘সাশ্রয়ী বাজার’-এর আয়োজন করেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু-এর ছেলে সাইফ রহমান।



এই বাজারে নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন পণ্য তুলনামূলক কম দামে বিক্রি করা হচ্ছে, যা সাধারণ ক্রেতাদের মাঝে ব্যাপক স্বস্তি এনে দিয়েছে। উৎসবের এই সময়ে বাজারের ঊর্ধ্বগতির মাঝে এমন উদ্যোগকে সময়োপযোগী বলে মন্তব্য করেছেন স্থানীয় বাসিন্দারা। অনেকেই ভিড় করছেন প্রয়োজনীয় সওদা করতে।



এ বিষয়ে আয়োজক সাইফ রহমান দৈনিক স্বপ্নের বাংলাদেশ পত্রিকাকে বলেন:


"ঈদের সময় অনেক পরিবারের জন্য বাজার করা কষ্টসাধ্য হয়ে পড়ে। সেই বিষয়টি বিবেচনা করেই মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে এই সাশ্রয়ী বাজারের আয়োজন করা হয়েছে। সাধারণ মানুষ যাতে স্বল্প মূল্যে প্রয়োজনীয় পণ্য কিনতে পারে, সেটিই এই আয়োজনের মূল লক্ষ্য।"


তিনি আরও জানান, মানুষের সেবা ও সহযোগিতার মানসিকতা থেকেই এই কার্যক্রম পরিচালনা করা হচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।



সাশ্রয়ী বাজার পরিদর্শনকালে উপস্থিত ছিলেন বোয়ালিয়া থানা পশ্চিম ছাত্রদলের আহ্বায়ক মাহবুবুল আলম সানি। তিনি বলেন, ঈদকে সামনে রেখে সাধারণ মানুষের কথা চিন্তা করেই এই বাজারের আয়োজন। তিনি আশা প্রকাশ করেন যে, আগামীতে এমন মানবিক উদ্যোগ আরও বিস্তৃত হবে।


রাজশাহী নগরীর নিউমার্কেট এলাকার এই অস্থায়ী বাজারটি ঈদের আগের দিন পর্যন্ত সাধারণ মানুষের কেনাকাটার জন্য উন্মুক্ত থাকবে বলে জানানো হয়েছে।

National