রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে প্রথম বর্ষে (২০২৪ সিরিজ) ভর্তি হওয়া শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। শনিবার রুয়েটের কেন্দ্রীয় মিলনায়তনে সকাল সাড়ে ৮টা থেকে শুরু হয়ে অনুষ্ঠানটি চলে দুপুর সোয়া ১২টা পর্যন্ত।
শুরুতে ওরিয়েন্টেশন হয় পুরকৌশল অনুষদভুক্ত বিভাগসমূহের শিক্ষার্থীদের নিয়ে। এরপর সকাল ১০টায় তড়িৎ ও কম্পিউটার কৌশল অনুষদভুক্ত বিভাগগুলো এবং বেলা সোয়া ১১টা থেকে যন্ত্রকৌশল অনুষদভুক্ত বিভাগগুলোর শিক্ষার্থীদের নিয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়।
প্রত্যেকটি ওরিয়েন্টেশন সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক। সভাপতিত্ব করেন ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. রবিউল ইসলাম সরকার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ফলিত বিজ্ঞান ও মানবিক অনুষদের ডীন অধ্যাপক ড. মো. আব্দুল কাদের জিলানী, তড়িৎ ও কম্পিউটার কৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. বশির আহমেদ এবং যন্ত্রকৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. মো. নুরুল ইসলাম। এছাড়া বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানরাও বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে রুয়েটের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আরিফ আহম্মদ চৌধুরীসহ বিভিন্ন পরিচালক, বিভাগীয় প্রধান, দপ্তর ও শাখা প্রধান, শিক্ষকমণ্ডলী, নবাগত শিক্ষার্থী এবং তাঁদের অভিভাবকেরা উপস্থিত ছিলেন।