বাংলাদেশ, শনিবার, এপ্রিল ১৮, ২০২৬
logo

রাজশাহীতে অস্ত্র-বিস্ফোরক মামলায় অনিন্দ্যসহ তিনজন ৫ দিনের রিমান্ডে


নিজস্ব প্রতিনিধি : published:  ১৭ আগস্ট, ২০২৫, ০৫:৪০ পিএম

রাজশাহীতে অস্ত্র-বিস্ফোরক মামলায় অনিন্দ্যসহ তিনজন ৫ দিনের রিমান্ডে

রাজশাহীতে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র ও বিস্ফোরকসহ গ্রেপ্তার মোন্তাসেরুল আলম অনিন্দ্য এবং তার দুই সহযোগী রবিন ও ফয়সালকে পাঁচ দিনের রিমান্ড দিয়েছেন আদালত।


রবিবার (১৭ আগস্ট) দুপুরের পর রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তাদের হাজির করে সাত দিনের রিমান্ডেের আবেদন করে পুলিশ। অন্যদিকে আইনজীবীর মাধ্যমে তারা জামিনের করেন। শুনানী শেষে ম্যাজিস্ট্রেট মামুনুর রশিদ জামিন আবেদন না মঞ্জর করে প্রত্যেকের পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেন।


এর আগে অনিন্দ্য সহ তিনজনের বিরুদ্ধে শনিবার রাতে অস্ত্র, বিস্ফোরক ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বোয়ালিয়া মডেল থানায় মামলা করে পুলিশ। রবিবার দুপুরে এই মামলায় গ্রেফতার দেখিয়ে তাদের আদালতে পাঠিয়ে সাতদিনের রিমান্ডের আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা।


এর আগে শনিবার ভোররাত থেকে দুপুর সাড়ে ৩টা পর্যন্ত সেনাবাহিনী ও পুলিশ যৌথভাবে নগরীর কাদিরগঞ্জ দড়িখরবোনা এলাকায় সাবেক সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের চাচাতো ভাই ও মহানগর বিএনপির একসময়ের সহসভাপতি শফিউল আলম লাট্টুর ছেলে মোন্তাসিরুল ইসলাম অনিন্দ্যের ডক্টর ইংলিশ কোচিং সেন্টারে অভিযান চালায়। এসময় অনিন্দ্যসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়। অভিযানকালে আগ্নেয়াস্ত্র, গুলি, সামরিক মানের দূরবীন, জিপিএস, স্নাইপার স্কোপ, দেশীয় অস্ত্র, বিদেশি ধারালো ডেগার, উন্নতমানের ওয়াকিটকি সেট, টিজার গান, অব্যবহৃত সিমকার্ড, বোমা তৈরির সরঞ্জাম, কম্পিউটার, দেশি-বিদেশি মদ ও নাইট্রোজেন কার্টিজ উদ্ধার করা হয়।


অনিন্দ্যকে, ২০১৬ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক এএফএম রেজাউল করিম সিদ্দিকী হত্যাকাণ্ড এবং গুলশানের হলি আর্টিজান হামলার ঘটনায় সন্দেহভাজন জঙ্গি হিসেবে গ্রেপ্তার করা হয়েছিল। তখন তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদও করা হয়। তবে রাজনৈতিক প্রভাবের কারণে তিনি ওই দুটি মামলা থেকে রেহাই পান।