বাংলাদেশ, রবিবার, এপ্রিল ১৯, ২০২৬
logo
রাজশাহীতে একদিনের ব্যবধানে

আবারও কমল তাপমাত্রা


নিজস্ব প্রতিনিধি published:  ০৬ জানুয়ারী, ২০২৬, ০৮:৪৯ এএম

আবারও কমল তাপমাত্রা

রাজশাহীতে একদিন বিরতির পর আবারও কমেছে তাপমাত্রা। এর আগে টানা চারদিন চলেছিল শৈত্যপ্রবাহ। এরপর একদিনে তাপমাত্রা বৃদ্ধি পেয়েছিল। আবহাওয়া অফিস জানিয়েছে, তাপমাত্রা ধীরে ধীরে আরও কমতে পারে।




সোমবার (৫ জানুয়ারি) সকাল ৬টায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এর আগে গেল রোববার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ ডিগ্রি সেলসিয়াস। সোমবার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। সকালে বাতাসের আর্দ্রতা ছিল ৮৮ শতাংশ। আর বিকেলে ছিল ৭৬ শতাংশ।  




আবহাওয়াবিদদের মতে, কোনো এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ১ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াস হলে মৃদু শৈত্যপ্রবাহ, ৬ দশমিক ১ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াস হলে মাঝারি, ৪ দশমিক ১ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াস হলে তীব্র এবং ৪ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামলে অতি তীব্র শৈত্যপ্রবাহ ধরা হয়। সেই হিসাবে আজ রাজশাহীতে মৃদু শৈত্যপ্রবাহ চলছে।




রাজশাহী আবহাওয়া অফিস জানিয়েছে, প্রথম দফায় শৈত্যপ্রবাহ শুরু হয়েছিল গত ৩১ ডিসেম্বর। পরে টানা চার দিন শৈত্যপ্রবাহ চলেছে। এর মধ্যে গত শুক্রবার রাজশাহীতে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল। 




রোববার তাপমাত্রা বেড়ে ১২ ডিগ্রি সেলসিয়াস হয়, ফলে শৈত্যপ্রবাহ কিছুটা থেমে গিয়েছিল। ভোরের দিকে কুয়াশার মতো বৃষ্টি হলেও দুপুরে রোদের দেখা মিলেছিল। সোমবার সারাদিনে দেখা মিলেনি রোদের। ছিল চারপাশ কুয়াশাচ্ছন্ন।




রাজশাহী আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা রহিদুল ইসলাম বলেন, রোববারের চেয়ে সোমবার ২ ডিগ্রি তাপমাত্রা কমে গেছে। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, সোমবার থেকে আবার শৈত্যপ্রবাহ শুরু হয়েছে। ধীরে ধীরে তাপমাত্রা আরও কমতে পারে।