তানভির মাহাতাব | মহানগর প্রতিনিধি published: ১৯ জানুয়ারী, ২০২৬, ১১:২৮ এএম

রাজশাহী মহানগরীর আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখা এবং সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে কঠোর অবস্থানে রয়েছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)। বিশেষ করে গভীর রাতে অপরাধমূলক কর্মকাণ্ড রোধে নগরীর গুরুত্বপূর্ণ মোড় ও প্রবেশদ্বারগুলোতে পুলিশের সতর্ক অবস্থান ও তল্লাশি কার্যক্রম জোরদার করা হয়েছে।
রোববার (১৯ জানুয়ারি) দিবাগত রাতে নগরীর শিরোইল বাস টার্মিনাল, রেলগেট, আমচত্বর, কাশিয়াডাঙ্গা এবং তালাইমারীসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে আরএমপি’র ব্যাপক পুলিশি তৎপরতা লক্ষ্য করা গেছে।
আরএমপি সূত্রে জানা গেছে, নগরীতে চুরি, ছিনতাই, মাদক পাচার এবং যেকোনো ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে পুলিশ কমিশনারের নির্দেশে এই বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। নিয়মিত টহলের পাশাপাশি বিভিন্ন চেকপোস্টে সন্দেহভাজন যানবাহন ও ব্যক্তিদের তল্লাশি করা হচ্ছে। বিশেষ করে মোটরসাইকেল ও মাইক্রোবাসের গতিবিধি কঠোর নজরদারিতে রাখা হচ্ছে।
রাত্রিকালীন এই নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে আরএমপি’র একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, "মহানগরীর শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে আমরা বদ্ধপরিকর। নগরবাসী যাতে রাতে নির্বিঘ্নে চলাচল করতে পারে এবং কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার শিকার না হয়, সেজন্য পুলিশের টহল ও চেকপোস্ট কার্যক্রম বৃদ্ধি করা হয়েছে। এই অভিযান নিয়মিত প্রক্রিয়ারই একটি অংশ।"
চেকপোস্টগুলোতে দায়িত্বরত পুলিশ সদস্যরা জানান, তল্লাশির পাশাপাশি সাধারণ মানুষকে সচেতন করার কাজও করছেন তারা। গভীর রাতে চলাচলের কারণ জিজ্ঞাসা করার পাশাপাশি বৈধ কাগজপত্র যাচাই করা হচ্ছে। তবে জরুরি প্রয়োজনে যাতায়াতকারী সাধারণ মানুষদের যাতে কোনো ভোগান্তি না হয়, সেদিকেও লক্ষ্য রাখা হচ্ছে।
আরএমপির এই তৎপরতাকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তারা বলছেন, পুলিশের এমন সক্রিয় অবস্থানের ফলে নগরীতে অপরাধের প্রবণতা কমবে এবং সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তার বোধ বাড়বে।