বাংলাদেশ, শনিবার, এপ্রিল ১৮, ২০২৬
logo

বাউফলে প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ


সাইফুল ইসলাম || বাউফল প্রতিনিধি published:  ০৩ মার্চ, ২০২৬, ০২:৩৩ এএম

বাউফলে প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

বাউফল উপজেলার ধুলিয়া ইউনিয়নের চাঁদকাঠী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মিজানুর রহমানের বিরুদ্ধে ঘুষ, দুর্নীতি ও বিভিন্ন অনিয়মের অভিযোগ উঠেছে। অভিযোগকারীরা জানান, তিনি ২০১০ সালে বিদ্যালয়ে যোগদানের পর থেকেই আর্থিক অনিয়ম শুরু করেন এবং দীর্ঘ ১৫ বছরে লক্ষাধিক টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে।


বিদ্যালয়ের একাধিক শিক্ষক ও পরিচালনা কমিটির সদস্যদের দাবি, প্রধান শিক্ষক একক ক্ষমতার দাপটে ভীতি সৃষ্টি করে শিক্ষক-কর্মচারীদের নীরব থাকতে বাধ্য করেন। প্রতিবাদ করলে চাকরিচ্যুত করার হুমকি দেওয়া হতো বলে অভিযোগ রয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষক জানান, বিদ্যালয়ের সরকারি ও শিক্ষার্থীদের তহবিল থেকে নিয়মিত অর্থ উত্তোলন করে ব্যক্তিগতভাবে আত্মসাৎ করা হয়েছে।


অভিযোগ রয়েছে, ২০১৯ সালের ২৯ ডিসেম্বর ম্যানেজিং কমিটির স্বাক্ষর জাল করে ঘুষের বিনিময়ে শিক্ষক-কর্মচারী নিয়োগ দেওয়া হয়। এ ঘটনায় আদালতে দেওয়ানি মামলা (নং–০৮/২০২০) দায়ের করা হয়। এছাড়া বিজ্ঞান বিভাগ চালু, ক্রীড়া সামগ্রী ক্রয় ও টিনশেড মেরামতের নামে বরাদ্দকৃত অর্থ আত্মসাতের অভিযোগও উঠেছে।


স্থানীয়দের দাবি, চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে বহু মানুষের কাছ থেকে অর্থ নেওয়া হয়েছে। অভিযোগ রয়েছে, তিনি নিয়মিত বিদ্যালয়ে উপস্থিত না থেকেও হাজিরা খাতায় স্বাক্ষর করে বেতন-ভাতা উত্তোলন করছেন।


এ বিষয়ে তার বক্তব্য নেওয়ার জন্য একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও সাড়া পাওয়া যায়নি। স্থানীয় শিক্ষক, অভিভাবক ও সচেতন মহল সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।