নূর মোহাম্মদ সুমন (নীলফামারী) প্রতিনিধি published: ০৯ মার্চ, ২০২৬, ০৯:২৪ পিএম

নীলফামারীর ডিমলা থানার ইফতার মাহফিলে আন্তর্জাতিক মানব পাচারকারী চক্রের মূলহোতা গ্রেপ্তার হয়ে কারাভোগ করে জামিনে থাকা নুর ইসলাম (নুরুল ইসলাম) নামের এক ব্যক্তিকে অতিথি হিসেবে আমন্ত্রণ জানিয়ে উপস্থিত রাখার অভিযোগে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আলী সরকারের অপসারণসহ বিভিন্ন দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
গতকাল রোববার (৮ মার্চ) বিকেলে উপজেলা সদরের স্মৃতি অম্লান চত্ত্বরে উপজেলার সর্বস্তরের ছাত্র জনতার ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন, জাতীয় নাগরিক পার্টি নীলফামারী জেলার সাংগঠনিক সম্পাদক শাকিল প্রধান, বাংলাদেশ ছাত্রঅধিকার পরিষদ ডিমলা উপজেলা শাখার সাধারণ সম্পাদক আজিনুর রহমান, জাতীয় ছাত্রশক্তি নীলফামারী জেলা শাখার যুগ্ম আহবায়ক উমর ফারুক, গণঅধিকার পরিষদ ডিমলা উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান রাজ, বাংলাদেশ ছাত্রঅধিকার পরিষদ ডিমলা উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম শরিফ, শিক্ষক মোশাররফ হোসেনসহ বিভিন্ন শ্রেণি-পেশার নারী-পুরুষ উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বক্তব্য চলাকালীন সময়ে ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আলী সরকার সেখানে নিজেই উপস্থিত হয়ে মানববন্ধনের সারিতে দাঁড়িয়ে যান ও তাদের বক্তব্যে অভিযোগ শুনেন। অভিযোগ শুনে ওসি তার নিজের অবস্থানের কথা জানান, তিনি বলেন "মানব পাচারকারী চক্রের সাথে জড়িত অভিযুক্ত ব্যক্তিকে থানার ইফতার মাহফিলে আমন্ত্রণ জানানো হয়নি। তাকে আমি চিনিনা"। তিনি কিভাবে কার সাথে ইফতার মাহফিলে উপস্থিত হয়েছিলেন তাও আমি জানিনা।"থানা চত্ত্বরের মসজিদে নামাজ পড়তে এসে তিনি নিজে থেকেও হয়তোবা ইফতার মাহফিলে উপস্থিত হতে পারেন"।
তবে মানববন্ধনের আয়োজকসহ অনেকের অভিযোগ, ডিমলা থানার ইফতার মাহফিলে ওই আন্তর্জাতিক মানব পাচারকারী চক্রের অভিযুক্ত রাতারাতি কোটি-কোটি টাকা ও অঢেল সম্পত্তির মালিক বনে যাওয়া ব্যক্তির কাছ থেকে অনৈতিক সুবিধা নিয়ে তাকে ইফতার মাহফিলে আমন্ত্রণ জানান ডিমলা থানার ওসি। তাই তারা ওসির অপসারণের দাবিসহ বিভিন্ন দাবি জানান।
ইফতার মাহফিলে ওই ব্যক্তির উপস্থিতি জানাজানি হলে এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়। রাজনৈতিক, সামাজিক, ছাত্র নেতারাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষজন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ইফতার মাহফিলের ছবি পোস্ট করে ব্যাপক সমালোচনা করেন ডিমলা থানার ওসির বিরুদ্ধে।