কুড়িগ্রাম জেলা প্রতিনিধি published: ১৪ মার্চ, ২০২৬, ০৯:৫৩ পিএম

কুড়িগ্রামের রাজারহাটে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে পবিত্র কুরআন বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ মার্চ) বিকেলে উপজেলার সরকারি মীর ইসমাইল হোসেন কলেজ অডিটোরিয়ামে অত্যন্ত ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রায় পাঁচ শতাধিক ছাত্র স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে।
রাজারহাট পশ্চিম শাখা ছাত্রশিবিরের সভাপতি মোঃ সুজন মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি মোঃ মোশাররফ হোসেন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, "পবিত্র কুরআন হচ্ছে মানবজাতির মুক্তির একমাত্র সনদ। তরুণ প্রজন্মের নৈতিক অবক্ষয় রোধে এবং আদর্শ সমাজ গঠনে কুরআনের শিক্ষার কোনো বিকল্প নেই।"
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত থেকে রমজানের তাৎপর্য ও ছাত্রসমাজের নৈতিক চরিত্র গঠনে কুরআনের ভূমিকা নিয়ে আলোচনা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজারহাট উপজেলা শাখার আমীর মাওলানা কফিল উদ্দিন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:
অ্যাডভোকেট আহাম্মদ আলী, সেক্রেটারি, বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজারহাট উপজেলা শাখা।
মোঃ মাহবুব খন্দকার, সভাপতি, উপজেলা যুব বিভাগ।
রাশেদুল ইসলাম, সাবেক শিবির নেতা।
জাহিদুল ইসলাম সোহেল, সহ-সভাপতি, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন।
মোঃ রুবেল মিয়া, বায়তুলমাল সম্পাদক।
ইফতার মাহফিলে রাজারহাট পশ্চিম শাখা ছাত্রশিবিরের পক্ষ থেকে উপস্থিত ছিলেন শিবির নেতা শাকিল, মহসিন, মাসুদ, মেহেদী, আবু সুফিয়ানসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীবৃন্দ।
বক্তারা শিক্ষার্থীদের মধ্যে ধর্মীয় মূল্যবোধ জাগ্রত করতে এবং একটি ইনসাফ কায়েমের সমাজ গঠনে কুরআনের জ্ঞান অর্জনের ওপর গুরুত্বারোপ করেন। আলোচনা শেষে উপস্থিত শিক্ষার্থীদের হাতে পবিত্র কুরআনের কপি তুলে দেওয়া হয়।
সমাবেশ ও আলোচনা শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। কুড়িগ্রাম জেলা ছাত্রশিবিরের সাহিত্য সম্পাদক খোকন পাটোয়ারীর দোয়া পরিচালনার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। এরপর উপস্থিত ৫ শতাধিক শিক্ষার্থী ও নেতাকর্মীদের নিয়ে ইফতার মাহফিল সম্পন্ন হয়।