নিজস্ব প্রতিবেদক published: ১৫ মার্চ, ২০২৬, ০৩:৪৭ এএম
.jpg)
দীর্ঘদিনের সংগঠক ও রাজনৈতিক কর্মী থেকে এবার প্রশাসনিক দায়িত্বে এসেছেন রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন। তাকে রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়, স্থানীয় সরকার বিভাগ এর আওতায় সিটি করপোরেশনগুলোর প্রশাসনিক কার্যক্রম সচল রাখতে কয়েকজনকে প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করবেন মাহফুজুর রহমান রিটন। একই সঙ্গে দেশের আরও কয়েকটি সিটি করপোরেশনেও নতুন প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে।
রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে দায়িত্ব নেওয়ার মাধ্যমে এখন তার সামনে নতুন প্রশাসনিক দায়িত্ব ও চ্যালেঞ্জ অপেক্ষা করছে। নগরের নাগরিক সেবা, উন্নয়ন প্রকল্প এবং প্রশাসনিক কার্যক্রম পরিচালনায় তাকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।
প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়েছে, বরিশাল, ময়মনসিংহ, রংপুর ও কুমিল্লা সিটি করপোরেশনেও নতুন প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। সরকারি আদেশ অনুযায়ী, নিয়োগপ্রাপ্ত প্রশাসকরা সংশ্লিষ্ট সিটি করপোরেশনের প্রশাসনিক দায়িত্ব পালন করবেন এবং আইন অনুযায়ী মেয়রের ক্ষমতা প্রয়োগ করতে পারবেন।
রাজশাহীর রাজনীতিতে দীর্ঘদিন ধরে সক্রিয় মাহফুজুর রহমান রিটন মূলত সংগঠক হিসেবে পরিচিত। ছাত্র রাজনীতি দিয়ে তার রাজনৈতিক পথচলা শুরু হয়। পরে যুবদলের রাজনীতির মাধ্যমে তৃণমূল পর্যায়ে সংগঠন বিস্তারে কাজ করেন।
দলীয় কর্মসূচি বাস্তবায়ন, কর্মীদের সংগঠিত করা এবং নগর রাজনীতিতে সক্রিয় ভূমিকার কারণে তিনি ধীরে ধীরে নগর বিএনপির গুরুত্বপূর্ণ নেতায় পরিণত হন। ২০২৫ সালে তিনি রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
রাজশাহী সিটি কলেজ ছাত্রদল থেকে তাঁর রাজনৈতিক যাত্রা শুরু। ছাত্রজীবনে কলেজ ছাত্র সংসদের ক্রীড়া সম্পাদক ও যুগ্ম সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। পরে কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়ে সংগঠনকে সক্রিয় ও সুসংগঠিত করতে ভূমিকা রাখেন।
আন্দোলন-সংগ্রামে সামনের সারিতে নেতৃত্ব, কর্মীদের সঙ্গে নিবিড় যোগাযোগ এবং দলীয় কর্মসূচি বাস্তবায়নে দৃঢ় অবস্থানের কারণে তিনি দ্রুতই নেতাকর্মীদের আস্থাভাজন হয়ে ওঠেন। পরবর্তীতে মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক ও সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে তৃণমূলভিত্তিক কমিটি গঠন ও সাংগঠনিক কাঠামো শক্তিশালী করেন। কেন্দ্রীয় ছাত্র সংসদের সহ-সভাপতির দায়িত্ব পালনের মধ্য দিয়ে জাতীয় পর্যায়ের রাজনীতিতেও সম্পৃক্ত হন।
ছাত্ররাজনীতি থেকে যুবরাজনীতিতে এসে তিনি মহানগর যুবদলের সাংগঠনিক সম্পাদক, সাধারণ সম্পাদক ও আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন। পরে কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেন।
ভূমিমন্ত্রীর অভিনন্দন
রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) নবনিযুক্ত প্রশাসক নিযুক্ত হয়েছেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন। রিটন প্রশাসক নিযুক্ত হওয়ায় তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি চেয়ারম্যানের অন্যতম উপদেষ্টা ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু।
শুভেচ্ছা বার্তায় মিনু বলেন, মাহফুজুর রহমান রিটনকে সুখি, সমৃদ্ধি ও শান্তির নগরী রাজশাহী সিটি কর্পোরশেনের প্রশাসক হিসেবে নিযুক্ত করায় মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছি। রিটন অত্যন্ত স্নেহের। আগামী দিনে রাজশাহী মহানগরী সুন্দর ও সমৃদ্ধিশীল হিসেবে গড়ে তুলতে রিটনের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে এই প্রত্যাশা রাখছি। তার প্রতি সার্বিক সহযোগিতা সবসময় থাকবে। তার উত্তরোত্তর সমৃদ্ধি ও মঙ্গল কামনা করছি।