বাগমারা (রাজশাহী) প্রতিনিধি published: ১৬ মার্চ, ২০২৬, ০৩:৫২ এএম

রাজশাহীর বাগমারার ভবানীগঞ্জ পৌরসভায় ভিজিএফের চাল বিতরণকে কেন্দ্র বিএনপি-জামায়াত নেতাকর্মীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ভবানীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ও বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাকের ছেলে আকাশসহ তিনজন আহত হয়েছে। অপরদিকে ভিজিএফের চাল নিতে আসা বাসার নামের এক ব্যক্তি বিএনপির নেতাকর্মীরা মারধর করলে এমন ঘটনার সৃষ্টি হয়। পরে সেনাবাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।
ওই ঘটনায় বিকেলেই জামায়াতের পক্ষে বাগমারা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে বিএনপির লোকজন কে দায়ী করা হয়।
অপরপক্ষে পৌর বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক দলীয় নেতাকর্মীদের নিয়ে পাল্টা সংবাদ সম্মেলন করেছেন। এসময় তিনি বলেন, জামায়াতের নেতাকর্মীরা চিহ্নিত আওয়ামীলীগ ও যুবলীগ কর্মীদের নিয়ে মব সৃষ্টির মাধ্যমে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালায়। ভিজিএফের তালিকায় নতুন কোন নাম দেয়া হয়নি, অথচ জামায়াতের লোকজন বহিরাগত নারীদের এনে জটিলতা তৈরি করেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার (১৫ মার্চ) পবিত্র রমজান উপলক্ষে ভবানীগঞ্জ পৌরসভায় সরকার কর্তৃক হতদরিদ্র ও অসহায় গরীব দুঃখীদের মাঝে চাল বিতরণ শুরু করে পৌরসভা কর্তৃপক্ষ। পৌরসভা হতদরিদ্রদের নামের তালিকা প্রস্তুত করেন। ওই তালিকানুযায়ী চাল বিতরণ করা হয়। তবে ওই সময় বেশ কিছু লোকজন হট্টগোল শুরু করেন। বিএনপির বিরুদ্ধে স্লোগান দিতে থাকে। স্লোগান দেয়া লোকজনের মাঝে একজন কে সাবেক মেয়র রাজ্জাক তার নাম তালিকাভুক্ত করে দেয়ার পরেও কেন জামায়াতের পক্ষ নিয়ে বিএনপির বিরুদ্ধে শ্লোগান দিচ্ছে এ কথা জিজ্ঞেস করার জন্য কাছে ডাকে। এসময় রাজ্জাক তাকে ধাক্কা দিতে থাকলে সে দৌড় দেয়।
এসব বিষয় স্থানীয় সংসদ সদস্য ও জামায়াতের নেতাকর্মীদের নজরে আসলে তারা প্রতিবাদ মিছিল করেন। এক পর্যায়ে জামায়াতের নেতাকর্মীরা এর সুষ্ঠ বিচার ও প্রকৃত কার্ডধারীদের চাল বিতরণের জন্য প্রশাসনের কাছে দাবি জানিয়ে বিকেলে বাগমারা প্রেসক্লাবে উপস্থিত হয়ে সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে জামায়াতের নেতাকর্মীরা অসহায় মানুষকে মারধর ও নিজেদের লোকজনের মধ্যে অনিয়মতান্ত্রিক ভাবে চাল বিতরণের জন্য বিএনপির নেতা আব্দুর রাজ্জাকের বিচার দাবি করেন।
যোগাযোগ করা হলে ভবানীগঞ্জ পৌরসভার সহকারী প্রকৌশলী লিটন মিয়া জানান, চালের কমতি ছিল না। পরে যারা আসছে তাদেরকেও ঠিকমত চাল দেয়া হয়েছে।
এ দিকে উপজেলা বিএনপির কার্যালয়ে পাল্টা সংবাদ সম্মেলনে বিএনপি’র নেতা আব্দুর রাজ্জাক তার বিরুদ্ধে আনিত অভিযোগ অস্বীকার করেছেন। তিনি উল্টো জামায়াতের নেতাকর্মীদের দায়ী করেছেন। তিনি বলেন, জামায়াতের নেতাকর্মীরা ফ্যাসিষ্ট আওয়ামীলীগের নেতাকর্মীদের ভাড়া করে এনে আমাদের লোকজনের উপর হামলা চালিয়েছে। তাদের হামলায় আকাশ, আলম ও ডিএম শাহীন নামের কর্মীরা আহত হয়েছেন।