রাসেল শেখ বিশেষ প্রতিনিধি published: ১৮ মার্চ, ২০২৫, ০৭:১১ এএম

নাটোর শহরের সৌন্দর্য বর্ধনে কালো পিচঢালা সড়কের আইল্যান্ডসহ বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিঁটিয়ে ১৬ প্রকারের বিভিন্ন রঙ-বেরঙের প্রায় ৮ হাজার ফুল গাছের চারা রোপণ করেছে পৌরসভা। এছাড়া সড়ক বিভাগ থেকেও সৌন্দর্য বাড়াতে ঋতুভেদে বিভিন্ন প্রজাতির ফুলের গাছ লাগানো হয়েছে। ফলে এসব ফুল গাছে সৌন্দর্যের পাশাপাশি মুগ্ধতা ছড়াচ্ছে পুরো শহরে।
সড়কের বিভাজনে এ ফুল নজর কাড়ছে সবার। নান্দনিক সৌন্দর্যে প্রতিনিয়ত মুগ্ধ করছে এসব সড়ক দিয়ে চলাচলকারী মানুষদের। ছড়াচ্ছে অন্যরকম এক ভালবাসার ছোঁয়া। এছাড়া ময়লা-আবর্জনা, পয়ঃনিষ্কাশন পরিষ্কার পরিচ্ছন্নতা রাখতে চলমান রয়েছে অভিযান।
নাটোর পৌরসভার নির্বাহী কর্মকর্তা মো: রবিউল ইসলাম এই তথ্য নিশ্চিত করে জানান, নাটোর শহরের মাঝ দিয়ে যাওয়া প্রশস্তকরণ সড়ক আইল্যান্ডসহ বিভিন্ন চত্বর, কর্নার ও হরিশপুর বাইপাস থেকে বনবেলকরিয়া বাইপাস পর্যন্ত এবং মাদ্রাসা মোড় স্বাধীনতা চত্বর থেকে উত্তরা গণভবন পর্যন্ত সড়কের মাঝ দিয়ে এসব ফুল গাছের চারা রোপণ করা হয়েছে। পাশাপাশি নিয়মিতভাবে পৌরসভার উদ্যোগে পানি দেওয়াসহ গাছ পরিচর্যা কাজ অব্যাহত রয়েছে।
তিনি বলেন, হাসনা-হেনা, জবা, চন্দ্রমল্লিকা, গন্ধরাজ, ডালিয়া, রঙ্গন, গাদা, কসমস, কুইন সুপ, পুর্তুলিকা, সালভিয়া, ডায়ানথাস, ক্যালেন্ডুলা,সাইলোছিয়াসহ ১৬ প্রজাতির ৮ হাজার ১৭ টি ফুল গাছের চারা রোপণ করা হয়েছে। এবারই প্রথম এমন উদ্যোগ নেয়া হয়েছে। আগামীতেও এমন উদ্যোগ নেয়া হবে। তবে দুঃখজনক বিষয় হচ্ছে-পরিপক্ক ফুল গাছগুলো চুরি হয়ে যাচ্ছে। অনেকে ফুল ছিড়ে ফেলছে।