নিজস্ব প্রতিবেদক published: ২৩ মার্চ, ২০২৫, ১০:১০ এএম

ঢাকাসহ সারাদেশে আজ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে, দেশের তিনটি বিভাগে কালবৈশাখী ঝড় বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে, পাশাপাশি কিছু এলাকায় বিক্ষিপ্ত শিলাবৃষ্টিও হতে পারে। শনিবার (২২ মার্চ) সন্ধ্যা ৬টা পর্যন্ত দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে। পূর্বাভাস অনুযায়ী, ঢাকা, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-একটি জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এছাড়াও কিছু এলাকায় শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে।
এদিকে, কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ জানিয়েছেন, শনিবার সকাল ৭টা থেকে দুপুর ১২টার মধ্যে রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের বিভিন্ন এলাকায় বজ্রপাতসহ কালবৈশাখী ঝড় এবং হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের প্রবল আশঙ্কা রয়েছে।
তিনি আরও জানান, কালবৈশাখী ঝড় রংপুর বিভাগের পঞ্চগড়, ঠাকুরগাঁও ও দিনাজপুর জেলা দিয়ে বাংলাদেশে প্রবেশ করে দক্ষিণ-পূর্ব দিকে নীলফামারী, রংপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলার ওপর দিয়ে রাজশাহী ও ময়মনসিংহ বিভাগে অগ্রসর হতে পারে।