বাংলাদেশ, শনিবার, এপ্রিল ১৮, ২০২৬
logo

নাটোরে কলেজশিক্ষকের হাত ভেঙে দেওয়া ২ বিএনপি কর্মী আটক


রাসেল শেখ বিশেষ প্রতিনিধি published:  ০৭ এপ্রিল, ২০২৫, ০২:৫১ পিএম

নাটোরে কলেজশিক্ষকের হাত ভেঙে দেওয়া ২ বিএনপি কর্মী আটক

নাটোরে সাজেদুর রহমান সেলিম নামের এক কলেজশিক্ষকের দুই হাত ভেঙে দেওয়ার ঘটনায় বিএনপি কর্মী আব্দুল ওহাব ও আক্কাস আলীকে আটক করেছে যৌথবাহিনী। গতকাল রোববার (৬ এপ্রিল) রাতে সদর উপজেলার চন্দ্রকলা এলাকা থেকে তাঁদের আটক করা হয়।

এদিকে সাজেদুর রহমান সেলিম বর্তমানে নাটোর আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন। এখনো পরিবারের পক্ষ থেকে থানায় কোনো অভিযোগ জানানো হয়নি। তবে শিগগিরই এ ঘটনায় মামলা করা হবে বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা।

এ বিষয়ে জানতে চাইলে নাটোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুর রহমান বলেন, গতকাল বিকেলে কলেজশিক্ষক সেলিমের ওপর হামলাকারীদের ধরতে অভিযান শুরু করে যৌথবাহিনী। সন্ধ্যায় আব্দুল ওহাব ও আক্কাস আলীকে আটক করা হয়। তাঁদের সদর থানায় হস্তান্তর করা হচ্ছে।

প্রসঙ্গত, গতকাল দুপুরে সদর উপজেলার বঙ্গবন্ধু শেখ মুজিব কলেজের দর্শন বিভাগের প্রভাষক ও নাটোর থেকে প্রকাশিত দৈনিক প্রান্তজন পত্রিকার সম্পাদক সাজেদুর রহমান সেলিমের ওপর স্থানীয় বিএনপি কর্মী আব্দুল ওহাবের নেতৃত্বে ৮-১০ জন হামলা চালায়। হামলায় তাঁর দুই হাত ভেঙে যায়।