জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ধরঞ্জী ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে এক কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৭ আগস্ট) বিকেল ৪টায় শ্রীমন্তপুর উচ্চ বিদ্যালয়ের মাঠে এ সমাবেশে স্থানীয় নেতাকর্মীদের পাশাপাশি সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন।
সমাবেশে সভাপতিত্ব করেন ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোঃ আব্দুল মান্নান। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য, জয়পুরহাট জেলা আমীর ও জয়পুরহাট-১ (সদর-পাঁচবিবি) আসনে জামায়াত মনোনীত এমপি প্রার্থী, মজলুম জননেতা ফজলুর রহমান সাঈদ।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন—
“বাংলাদেশ জামায়াতে ইসলামী শ্রমজীবী মানুষের অধিকার রক্ষায় সবসময় সংগ্রাম করেছে। শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিতের মাধ্যমেই একটি ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা সম্ভব। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন জনগণের অধিকার প্রতিষ্ঠার বড় সুযোগ। তাই প্রতিটি শ্রমজীবী মানুষকে ঐক্যবদ্ধ হয়ে দাড়িপাল্লা প্রতীকের বিজয়ের জন্য কাজ করতে হবে। দাড়িপাল্লা শুধু একটি প্রতীক নয়, এটি ন্যায়বিচার, সমতা ও পরিবর্তনের অঙ্গীকার।”
তিনি আরও বলেন—
“আমাদেরকে ভোট বিপ্লবের মাধ্যমে দুর্নীতি, অন্যায় ও বৈষম্যমুক্ত সমাজ গড়তে হবে। এজন্য প্রতিটি কর্মীকে ঘরে ঘরে গিয়ে দাড়িপাল্লার পক্ষে ভোট চাইতে হবে এবং জামায়াতের উন্নয়ন ও কল্যাণমূলক কর্মকাণ্ড মানুষের সামনে তুলে ধরতে হবে।”
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জয়পুরহাট সদর উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা শাহ আলম দেওয়ান, পাঁচবিবি উপজেলা জামায়াতের সেক্রেটারি ও উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি মোঃ আবু সুফিয়ান মুক্তার, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোঃ আলতাফ হোসেন মাষ্টার এবং ধরঞ্জী ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা সাজেদুর রহমান সরকার সাজু।
এছাড়াও বক্তব্য রাখেন ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মোঃ মাজেদুল ইসলাম, ইউনিয়ন উলামা বিভাগের সভাপতি ডা. মাহাবুবুর রহমান, ইউনিয়ন যুব বিভাগের সভাপতি মোঃ খুরশিদ আলম, ইউনিয়ন পেশাজীবী বিভাগের সভাপতি মোঃ হাবিবুর রহমান, ইউনিয়ন উলামা বিভাগের সহ-সভাপতি মাওলানা মতিয়ার রহমান, ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি মোঃ আক্তারুজ্জামান, ইউনিয়ন পেশাজীবী বিভাগের সহ-সভাপতি মোঃ শাহিনুর রহমান, ইউনিয়ন উলামা বিভাগের সেক্রেটারি আব্দুল্লাহ, উচনা দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক মাওলানা শহিদুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ।
বক্তারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সংগঠনের তৃণমূল পর্যায়কে আরও শক্তিশালী করার আহ্বান জানান। তারা বলেন—
“প্রতিটি ইউনিয়ন, ওয়ার্ড ও গ্রামে সংগঠনের ভিত্তি মজবুত করে দাড়িপাল্লার বিজয় নিশ্চিত করতে হবে।”
সমাবেশে সর্বস্তরের নেতাকর্মীরা আসন্ন নির্বাচনে দাড়িপাল্লা প্রতীকের বিজয়ের জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন। এসময় অমুসলিম সহযোগীরাও উপস্থিত ছিলেন।