রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক ও রাজশাহী-৬ (বাঘা–চারঘাট) আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী আবু সাইদ চাঁদ বলেছেন, দেশের তরুণ প্রজন্ম এখন রাজনীতিতে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি সচেতন, সক্রিয় ও দায়িত্বশীল ভূমিকা রাখছে। তরুণরাই অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হয়ে গণতন্ত্র ও ন্যায়বিচারের পক্ষে দৃঢ় অবস্থান নিয়েছে।
তিনি বলেন, “আমি বিশ্বাস করি, তরুণরাই ধানের শীষের বিজয় নিশ্চিত করবে।”
মঙ্গলবার (১৮ অক্টোবর) বিকেল চারটায় বাঘা উপজেলার বাউসা ইউনিয়নে আয়োজিত ‘৩১ দফা রূপরেখা বাস্তবায়ন ও ধানের শীষকে বিজয়ী করা লক্ষ্যে তারুণ্যের সমাবেশে’ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
আবু সাইদ চাঁদ বলেন, রাজশাহী-৬ আসনে বিএনপির লক্ষ্য স্পষ্ট—গণতান্ত্রিক মূল্যবোধ পুনরুদ্ধার, সুশাসন প্রতিষ্ঠা এবং জনগণের ভোটাধিকার নিশ্চিত করা। তিনি বলেন, বিএনপি জন্মলগ্ন থেকেই জনগণের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে এসেছে এবং দেশের গণতান্ত্রিক কাঠামো পুনর্গঠনে নিবেদিতভাবে কাজ করছে।
বিএনপি নেতাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি আরও বলেন, “দীর্ঘদিন ধরে দমন-পীড়ন, মামলা-হামলা, গ্রেপ্তার-নির্যাতনসহ নানা প্রতিকূলতার মধ্যেও বিএনপির নেতাকর্মীরা রাজপথ ছাড়েননি। তারা প্রমাণ করেছেন, বিএনপিকে দমিয়ে রাখা যায় না। কঠিন সময়ে যারা সংগঠনকে ধরে রেখেছেন, তাদের প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞতা জানাই।”
আবু সাইদ চাঁদ বলেন, দেশের মানুষ এখন পরিবর্তন চায়—স্বচ্ছতা চায়, জবাবদিহিতা ও সুশাসন চায়। বিএনপি সেই প্রত্যাশা পূরণে কাজ করছে। জনগণের আস্থা অর্জনই এখন দলের প্রধান লক্ষ্য।
সমাবেশে সভাপতিত্ব করেন রাজশাহী জেলা ছাত্রদলের আহ্বায়ক এস এম সালাউদ্দিন আহমেদ শামীম সরকার।
বাঘা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মো. পলাশ সরকারের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন—রাজশাহী জেলা বিএনপির সদস্য গোলাম মোস্তফা মামুন, বাঘা উপজেলা বিএনপির আহ্বায়ক ফখরুল হাসান বাবলু এবং সদস্য সচিব আশরাফ আলী মলিন।