মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দেশের প্রথম ক্রিকেটার হিসেবে ১০০তম টেস্ট খেলছেন মুশফিকুর রহিম। ২০০৫ সালে লর্ডসে অভিষেকের পর কেটে গেছে দীর্ঘ ২০ বছর। এই দুই দশকে টেস্ট দলে নির্ভরতার নাম হয়ে উঠেছেন তিনি।
দীর্ঘ সময় টেস্ট খেলার তালিকায় এখন তৃতীয় অবস্থানে আছেন মুশফিক। তার টেস্ট ক্যারিয়ারের সময়কাল ২০ বছর ১৭৭ দিন। তার সামনে আছেন মাত্র দুই কিংবদন্তি- পাকিস্তানের ইমরান খান (২০ বছর ২১৮ দিন) এবং শীর্ষে ভারতের শচীন টেন্ডুলকার, যিনি টেস্ট খেলেছেন টানা ২৪ বছর ১ দিন। শচীনই একমাত্র ক্রিকেটার যিনি খেলেছেন ২০০ টেস্ট।
বাংলাদেশি ক্রিকেটারদের বছরে কম টেস্ট খেলার সুযোগ থাকায় ২০০ টেস্ট খেলার স্বপ্ন বাস্তবে অসম্ভবই। তবে বয়সের হিসেবে মুশফিক কি শচীনের রেকর্ড স্পর্শ করতে পারবেন? তার জন্য তাকে অন্তত আরও দেড় মাস আন্তর্জাতিক ক্রিকেটে থাকতে হবে।
বর্তমানে তার বয়স ৩৮-এর ওপরে। ওয়ানডে ও টি-টোয়েন্টি থেকে আগেই অবসর নিয়েছেন, খেলছেন শুধু টেস্ট। এখন দেখার বিষয় ১০০তম টেস্ট শেষে তিনি কি রাজকীয় এই ফরম্যাটকেও বিদায় বলবেন, নাকি আরও এগিয়ে যাবেন নতুন মাইলফলকের পথে।